টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতিকি ছবি

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নবী হোসেন ওরফে লাদেনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব।  

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই দুর্ধর্ষ আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসেন ওরফে লাদেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে। এলাকায় তিনি দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলার পালংখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল চারদিক থেকে ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গত ১৪ এপ্রিল দায়ের হওয়া টেকনাফ থানার একটি অস্ত্র মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।