বড় ভাই হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার

বড় ভাই হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার

প্রতিকি ছবি

 

মুন্সীগঞ্জে পরকীয়া সম্পর্ক ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আক্তার হোসেনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছোট ভাই মো. জহির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জহির হোসেন খালইস্ট এলাকার হাজী মো. আওলাদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রাহিমা বেগম নামে এক নারী তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ওই সময় জহির হোসেনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রাহিমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে রাহিমা তার আগের স্বামীকে ছেড়ে জহির হোসেনকে গোপনে বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে জহির হোসেনের বিরোধ তৈরি হয়।

এজাহারে মামলার বাদী মো. ইকবাল হোসেন অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল দুপুরে রাহিমা বেগম, তার মামা জহিরুল ইসলাম মিল্লাত, জহির হোসেনসহ কয়েকজন খালইস্টের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বড় ভাই আক্তার হোসেন বাধা দিলে তাকে মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহির হোসেন ধারালো ছুরি দিয়ে আক্তার হোসেনের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ এপ্রিল তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মুন্সীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।