পঞ্চগড়ে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ে ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) চাপায় লামিম নামে এক তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় টুনিরহাট-হাড়িভাসা সড়কে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শিশু লামিম একই এলাকার ট্রাক চালক মামুনের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ জানায়, টুনিরহাট- পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি। সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে টুনিরহাট সুপারী বাজারের উদ্দেশ্যে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তথ্য যাচাইসহ মরদেহের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।