কুড়িগ্রামে বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।
শনিবার (২৩ মে) দুপুরে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণস্থল ও ধরলা নদীর দুই পাড় পরিদর্শন করেন। তারা প্রস্তাবিত ১ হাজার ৭৫০ মিটার দীর্ঘ সেতুর নকশা, কারিগরি দিক এবং সম্ভাব্য বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
এলজিইডি সূত্রে জানা গেছে, ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়। সেতুটি বাস্তবায়িত হলে প্রায় ৮ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনেও নতুন গতি আসবে।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পর একটি পৃথক স্টাডি টিম এসে প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করবে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “বর্তমানে চীনা প্রতিনিধি দলসহ প্রাথমিক পর্যায়ের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে। বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর প্রকল্পের ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে বলা যাবে।”