ঈদে ফেরা হলো না ঘরে, সড়কেই নিভল এক পরিবারের তিনজনের প্রাণ

ঈদে ফেরা হলো না ঘরে, সড়কেই নিভল এক পরিবারের তিনজনের প্রাণ

ফাইল ছবি

EN

 

 

 

ঈদে ফের

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের দিনে বাড়ি ফেরার বদলে বাবা-মা ও তাদের এক পুত্রসন্তানের জায়গা হলো না ফেরার দেশে।

নিহতদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। একই পরিবারের তিন সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম।

নিহতরা হলেন- উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন ও তাদের পুত্রসন্তান আরমান (৬)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ ৫ জন নিহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।  

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গোপালগঞ্জ থানা পুলিশের বরাত দিয়ে জানান, স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও তাদের পুত্রসন্তানের বিষয়টি তিনি নিশ্চিত নন।  

কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম জানান, নিহতদের বাড়ি তার বাড়ির কাছে।

একটি পরিবারের তিন সদস্যদের এমন মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা মর্মাহত। মরদেহ কখন বাড়িতে নিয়ে আসা হবে, তা এখনো নিশ্চিত না।