নৌ পথে এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক: নৌ প্রতিমন্ত্রী

নৌ পথে এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক: নৌ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

নৌ পথে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, পুরো ঈদযাত্রা জুড়েই যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগ পাওয়া যায়নি।

রোববার (৩১ মে) রাতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধা-অসুবিধা দেখতে তিনি বরিশাল নদী বন্দর পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি ঢাকার পর বরিশালে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের অগ্রগতির কথাও জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার পর বরিশালেই আধুনিক লঞ্চ টার্মিনাল গড়ে তোলা হচ্ছে এবং এর কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হলে যাত্রীদের চলাচল আরও স্বস্তিদায়ক হবে এবং ওঠানামাসহ সার্বিক ব্যবস্থাপনায় উন্নতি আসবে। এখানে এমন ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে যাত্রীদের ওঠানামা বা স্বাভাবিক চলাচলে কোনো সমস্যা না হয়। ঢাকার পর বরিশালেই আধুনিক লঞ্চ টার্মিনাল হতে যাচ্ছে।  

ঈদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, এবারের নৌপথের ঈদযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারির মাধ্যমে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফিরছেন।

ফিরতি যাত্রায় সতর্কবার্তা দিয়ে নৌ প্রতিমন্ত্রী যাত্রীদের নিয়ম মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে নিরাপদে যাতায়াত করতে হবে। সরকার যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।