শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে গেলেন বাপ্পারাজ
ফাইল ফটো
ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এরই মধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এই নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলেও জানান।
তবে আজ জানা গেল, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পারাজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা ও মুক্তি দুজনেই। মুক্তি জানান, গতকাল বাপ্পারাজ তাকে একটি ক্ষুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন। তাই নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন তিনি।
অন্যদিকে বাপ্পারাজ জানিয়েছেন, শিল্পী সমিতি তার সংগঠন। পদে না থাকলেও বরাবরই এই সংগঠনের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তবে আপাতত নির্বাচন করতে চাচ্ছেন না। ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অভিনেতা।
উল্লেখ্য, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রথম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক; যিনি বাপ্পারাজের বাবা।