শুরবাড়িতে নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
প্রতিকি ছবি
দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দুপুরে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজারের সন্নিকটে আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
পরিবার ও স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে গত ৩১ মে (রবিবার) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বুধবার সকালে সেখান থেকে লিচু কেনার উদ্দেশ্যে তারা খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকায় একটি লিচু বাগানে যান। ফেরার পথে কালির বাজার ঘাটে নদীর পানিতে নেমে একসঙ্গে চারজন গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাঁদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রংপুর থেকে আসা ডুবুরিদল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে। এ সময় মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হলেও হঠাৎ করেই মান্না ইসলাম ও তার ভাই সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা জানান, বর্তমানে নদীর পানি তুলনামূলক কম থাকলেও ওই ঘাট এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই গর্তেই দুই ভাই তলিয়ে গিয়ে আর ফিরে আসতে পারেননি। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কালিরবাজার ঘাটের চারপাশ।
খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ওই স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। সেখানে গোসল করতে নামলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করলে অপরজনের মরদেহও উদ্ধার সম্ভব হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।