খুব সহজে তৈরি করুন রুবি চিকেন

খুব সহজে তৈরি করুন রুবি চিকেন

ছবিঃ সংগৃহীত।

ছুটির দিনে অনেকেই পরিবার বা প্রিয়জনের জন্য একটু স্পেশাল কিছু রান্না করতে চান।সারা সপ্তাহের ব্যস্ততার পর এই সময়টা হয়ে ওঠে ঘরোয়া আড্ডা, ভালো খাবার আর আনন্দ ভাগ করে নেওয়ার সবচেয়ে সুন্দর সুযোগ।

কিন্তু একই ধরনের কষা মাংস বা কোরমা রান্না করতে করতে খাবারের প্রতি একঘেয়েমি চলে আসে। তাই একটু ভিন্ন স্বাদ ও নতুন স্টাইলের চিকেন ডিশ করতে চাইলে করতে পারেন রুবি চিকেন। এটি রান্না করাও বেশ সহজ।

অল্প কিছু সহজ ধাপ অনুসরণ করলেই ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট-স্টাইলের এই খাবারটি। তাই ছুটির দিনে পরিবারের সবাইকে চমকে দিতে চাইলে ছুটির দিনে রুবি চিকেন তৈরি করতে পারেন।

আসুন জেনে নেওয়া বাড়িতে কীভাবে রুবি চিকেন তৈরি করবেন-

উপকরণ

হাড় ছাড়া মুরগির মাংস ১ কেজি

টক দই আধা কাপ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

লেবুর রস ১ চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

গরম মসলা গুঁড়া আধা চা চামচ

টমেটো পিউরি বা চপড টমেটো ১ কাপ

দারুচিনি ২টি ছোট টুকরো

এলাচ ৩টি

তেজপাতা ২টি

চিনি ১ চা চামচ

মধু ১ চা চামচ

হেভি ক্রিম আধা কাপ

মাখন ২ টেবিল চামচ গ

তেল আধা কাপ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে মাংসের টুকরোগুলো কবাবের আকারে কেটে নিন। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে টক দই, রসুন বাটা, লবণ, গরম মসলা, লেবুর রস এবং সামান্য তেল দিয়ে মাংস ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

ম্যারিনেশন শেষ হলে ননস্টিক কড়াইয়ে তেল গরম করে মাংসের টুকরোগুলো উল্টে-পাল্টে হালকা ভেজে নিতে নিন। এরপর একটি বড় পাত্রে তেল গরম করে এলাচ, দারুচিনি এবং তেজপাতার ফোড়ন দিন। এরপর আদা-রসুন পেস্ট দিয়ে হালকা বাদামি রং আসা পর্যন্ত কষিয়ে টমেটো পিউরি, হলুদ ও মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে মাঝারি আঁচে ২৫ থেকে ৩০ মিনিট রান্না করুন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে অর্ধেক হয়ে আসে এবং একটি সুন্দর গ্রেভি তৈরি হয়।

গ্রেভি ঘন হয়ে এলে এতে মাখন, সামান্য চিনি ও মধু যোগ করে আরও ১০ মিনিট কম আঁচে রান্না করুন। এরপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে একদম হালকা আঁচে ১০ থেকে ১৫ মিনিট দমে রাখতে রাখুন যাতে মসলা পুরোপুরি মাংসের ভেতর ঢুকে যায়। এবার হয়ে গেলে সামান্য ক্রিম ছড়িয়ে গরম গরম ভাত, নান রুটি বা পরোটার সঙ্গে এই রুবি চিকেন পরিবেশন করুন।