ইসরায়েল গাজা ছাড়লে অস্ত্র সমর্পণে রাজি হামাস
ফাইল ছবি।
গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের শর্তে নিজেদের অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সংগঠনটির দাবি, গাজায় হামলা বন্ধ ও সেনা প্রত্যাহার নিশ্চিত হলে তারা আনুষ্ঠানিকভাবে নিরস্ত্রীকরণে যাবে।
তবে হামাসের এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। তিনি বলেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে, অন্যথায় হামাস পুনরায় সংগঠিত হয়ে ভবিষ্যতে ৭ অক্টোবরের মতো হামলা চালাতে পারে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বেন গিভির বলেন, “৭ অক্টোবরের গণহত্যার পর প্রত্যেক হামাস সদস্যের রক্ত আমার মাথায় রয়েছে। হামাসের সদস্যদের হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া মানে তাদের আরেকটি গণহত্যা চালানোর সুযোগ করে দেওয়া।”
তিনি আরও বলেন, “গাজায় অভিযান অব্যাহত রাখতে হবে। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছাড়তে উদ্বুদ্ধ করার কার্যক্রমও চলতে হবে। শেষ পর্যন্ত ইসরায়েলকে জয়ী হতে হবে।”
হামাসের শর্ত এবং ইসরায়েলের এ অবস্থানের ফলে গাজা যুদ্ধবিরতি ও নিরস্ত্রীকরণ নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।