টাঙ্গাইলে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস লেনদেনের প্রচারণা

টাঙ্গাইলে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস লেনদেনের প্রচারণা

ফাইল ছবি

ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলে প্রচারণা চালিয়েছে রূপালী ব্যাংক পিএলসি।

শুক্রবার সকালে শহরের ঢাকা-যমুনা সেতু মহাসড়কের চিকলী রিসোর্টসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালিত হয়।

 রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এতে অংশ নিয়ে কিউআর কোডের মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেনের সুবিধা তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মঈনউদ্দিন মাসুদ, উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কামাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, খায়রুল হাসান ও মো. আমিনুল ইসলামসহ টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের জানানো হয়।