সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতাকর্মী নিহত
ফাইল ছবি
বাড়ি ফেরার পথে দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস চাপায় বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) নামে এক স্কুলের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিষাদু চন্দ্র হাড়ি পার্বতীপুর উপজেলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি পার্বতীপুরের বজরুক বাগবাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে খয়েরপুকুর হাট থেকে একটি কাঁঠাল কিনে সাইকেলের ক্যারিয়ারে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাটের উত্তর পাশে মিল চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় করেন। পরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (আইসি) উজ্জ্বল কুমার মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।