সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রতিকি ছবি
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের ওপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ২০২৪-এর ৫ আগস্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলায় ইতঃপূর্বে গ্রেফতার হলেও মোখলেছুর রহমান সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। নতুন করে তাকে চতুর্থ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।