যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার ওই গ্রামের নয়া সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে

 

বুধবার সকালে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে ছিল।

স্থানীয়দের ধারণা, এলাকাভিত্তিক মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মরদেহ পড়ে থাকার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।