খাগড়াছড়ীতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত
ছবিঃ সংগৃহীত।
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে একটি সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া অভিযানে সংগঠনটির আরো দুই সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে গতকাল (২৩ জুন) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে, উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ২ জন সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে গুলি বিনিময়ের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান হয়েছে।