“বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস”-এ চ্যাম্পিয়ন বিকেএসপি
ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত তিন দিনব্যাপী ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা শেষ হয়েছে।
প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বিকেএসপি। দলগত রানার্সআপ হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান।
প্রতিযোগিতায় বিকেএসপি, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থাসহ তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ৫০ জন জিমন্যাস্ট বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
ছেলেদের ১০টি ইভেন্টে বিকেএসপি ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি তাম্র পদক অর্জন করে। মেয়েদের ৬টি ইভেন্টে তারা জিতে নেয় ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি তাম্র পদক। সব মিলিয়ে বিকেএসপি ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৮টি তাম্র পদক অর্জন করে দলগত চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ছেলেদের বিভাগে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি তাম্র এবং মেয়েদের বিভাগে ১টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জন করে। সব মিলিয়ে দলটি ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি তাম্র পদক নিয়ে দলগত রানার্সআপ হয়।
প্রতিযোগিতায় বিকেএসপির কৃতি জিমন্যাস্ট বনফুলী চাকমা চারটি ইভেন্টে অংশ নিয়ে চারটিতেই স্বর্ণপদক জিতে সেরা জিমন্যাস্ট নির্বাচিত হন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ), জিমন্যাস্টিকস বিভাগের চিফ কোচ, প্রশিক্ষক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা দেশের উদীয়মান জিমন্যাস্টদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিকসের উন্নয়নেও এ প্রতিযোগিতা ইতিবাচক অবদান রাখবে।