কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতীকী ছবি।

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্ডলের বাজার পেট্রোল পাম্প সংলগ্ন শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. এরশাদ আলী (৪০)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রামে।

আহতরা হলেন—মিজানুর রহমান (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) এবং অটোচালক দুলু মিয়া (৩৪)। তারা সবাই একই পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর ও মো. লাভলু জানান, অটোরিকশাটি শিমুলতলা এলাকায় পৌঁছালে উল্টাদিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় এরশাদের। আহতদের প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্লাবন রায় জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদের ভাষ্য, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।