চট্টগ্রামে তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার সংযোগস্থলে অবস্থিত তৈলারদ্বীপ ব্রিজে টোল আদায়ের নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল এবং স্থায়ীভাবে টোল মওকুফের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘বাঁশখালী সচেতন নাগরিক সমাজ’।
রবিবার দুপুরে সংগঠনটির আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী সংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, তৈলারদ্বীপ ব্রিজ নির্মাণের পর দীর্ঘ সময় ধরে টোল আদায়ের মাধ্যমে নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে। এরপরও টোল আদায় অব্যাহত থাকায় দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংগঠনটির দাবি, ব্রিজটি ব্যবহার করে প্রতিদিন বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া ও আশপাশের এলাকার লাখো মানুষ যাতায়াত করেন। প্রতিদিন টোল পরিশোধ করতে হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে।
স্মারকলিপিতে নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল, তৈলারদ্বীপ ব্রিজে স্থায়ীভাবে টোল মওকুফ এবং জনভোগান্তি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সদস্য অ্যাডভোকেট নেজাম উদ্দিন, সরোয়ার কামাল, হিরো আলম, আবু বকর সিকদার, হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, আব্দুল ওয়াহেদ সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।