ডিভোর্সের ক্ষোভ ভেঙ্গে অভিনয়ে ফিরছেন অভিনেতা রবি মোহন
অভিনেতা রবি মোহন//ফাইল ছবি।
সংসার ভাঙার কষ্ট আর চারদিকের ট্রোলিং সহ্য করতে না পেরে গত মে মাসে অভিনয় জগতকে ‘আলবিদা’ বলেছিলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি মোহন। ঘোষণা দিয়েছিলেন, স্ত্রী আরতির সাথে ডিভোর্স চূড়ান্ত না হওয়া পর্যন্ত আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না।
তবে ভক্তদের সুখবর দিয়ে মাত্র দুই মাসের মাথায় নিজের সেই জেদ ও সিদ্ধান্ত বদলে ফেললেন এই তারকা। সাফ জানিয়ে দিলেন, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, ভক্তদের সাথে আর বিশ্বাসঘাতকতা করবেন না তিনি।
সম্প্রতি ভারতের চেন্নাইয়ে আয়োজিত ‘জেএফডব্লিউ অ্যাচিভার অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে দাঁড়িয়ে নিজের ফেরার কথা ঘোষণা করেন ৪৫ বছর বয়সী এই অভিনেতা।
পুরস্কারের মঞ্চে রবি তার সেই সিদ্ধান্তের জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এই বছর আমি ৪৬-এ পা দেব। হিসাব করলে দেখা যাবে আমার জীবনের অর্ধেকটাই কেটেছে সিনেমা হলের রুপালি পর্দায়। ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটায় আমি একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু সিনেমার মানুষেরা যখন আমার পাশে এসে দাঁড়ালেন এবং বললেন যে অন্য সব সিদ্ধান্ত মানলেও সিনেমা ছাড়ার কথা যেন আর মুখে না আনি—তখনই ভুল বুঝতে পারি। আমার এই সিদ্ধান্তের জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
ভক্তদের আশ্বস্ত করে রবি জানান, তিনি খুব শিগগিরই বড় পর্দায় তার চেনা অ্যাকশন লুকে ফিরছেন। তার এই ফেরার আনন্দের মাঝেই ভক্তদের জন্য আরও বড় এক ধামাকা উপহার দিয়েছেন ভারতের মাস্টারমাইন্ড ডিরেক্টর লোকেশ কানাগরাজ।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রবির সাথে ছবি শেয়ার করে লোকেশ নিশ্চিত করেছেন যে, তার বহুল আলোচিত ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর আগামী সিনেমা ‘বেঞ্জ’-এ দেখা যাবে রবিকে।
চলতি বছরের মে মাসে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেতা। আরতির সাথে তার ডিভোর্সের মামলা চলাকালীন চারদিকের সাইবার বুলিং ও অপমান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তামিল এক প্রবাদ টেনে তিনি বলেছিলেন, ‘শান্ত মানুষের রাগ কিন্তু খুব ভয়ঙ্কর হয়। অনেক সহ্য করেছি, আর নয়। ডিভোর্স না হওয়া পর্যন্ত আমি আর অভিনয় করব না।’
তবে সেই অন্ধকারের দিন পেরিয়ে ভক্তদের ভালোবাসায় রবি এখন অনেকটাই স্বাভাবিক। মানসিক স্বাস্থ্য নিয়ে এখন মানুষ যেভাবে কথা বলছে, তা তাকে সাহস জুগিয়েছে। ভক্তদের ভালোবাসায় নিয়ে খুব শিগগিরই ‘পোন্নিয়িন সেলভান’-এর এই নায়ক বক্স অফিস কাঁপাতে আসছেন, যা এখন দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় আলোচনার বিষয়।