রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ৩

রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ৩

প্রতিকি ছবি

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)।

পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম।

পরদিন ২৯ জুন রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওয়ারী থানার নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

মামলা দায়ের পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে।

বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপি’র লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও আসামিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ