রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১
প্রতিকি ছবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে টহল ডিউটিরত পুলিশ সদস্যরা মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশ থেকে গুলির শব্দ শুনতে পান।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় কাওছার ভুইয়া শান্তকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী সাইফুল ইসলাম সিজুকে (৪০) হত্যার পরিকল্পনা করে আসছিল।
পরিকল্পনার অংশ হিসেবে তিনি কৌশলে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে ভুক্তভোগীর আস্থা অর্জন করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে একসঙ্গে অংশ নিতে থাকেন।
মঙ্গলবার রাতে হামলার কিছুক্ষণ আগে আসামি ভুক্তভোগীর পাশে বসে চা পান করেন। একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় আগ্নেয়াস্ত্র দিয়ে ভুক্তভোগীকে লক্ষ্য করে গুলি করেন।
এতে সাইফুল ইসলাম সিজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
প্রাথমিকভাবে জানা যায়, মিরপুর-১০ নম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার তিনি চার্জশিটভুক্ত আসামি। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।