এবার ভারতে অত্যাধুনিক নজরদারি ড্রোন বিধ্বস্ত

এবার ভারতে অত্যাধুনিক নজরদারি ড্রোন বিধ্বস্ত

ছবিঃ সংগৃহীত।

ভারতের গুজরাটের পোরবন্দর বিমানবন্দরের কাছে নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়েছে।নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ‘দৃষ্টি-১০ স্টারলাইনার’ নামের এই ড্রোন ভেঙে পড়ে। এ নিয়ে একই মডেলের ড্রোন দ্বিতীয়বারের মতো দুর্ঘটনার কবলে পড়ল।

এর আগে গত বছরের জানুয়ারিতেও এই মডেলের একটি ড্রোন পরীক্ষা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভেঙে পড়েছিল।

জানা যায়, রিমোটচালিত এই ড্রোনটি পোরবন্দরের নেভাল এয়ার এনক্লেভ থেকে উড্ডয়ন করেছিল। এরপর উপকূলীয় শহরটি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ধর্মনগর গ্রামের একটি খোলা মাঠে এটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানায়, পোরবন্দর বিমানবন্দরের কাছে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দৃষ্টি-১০ নামের ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে মাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ড্রোনটিতে কারিগরি ত্রুটি ছিল নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে।

কী এই দৃষ্টি-১০ ড্রোন?

দৃষ্টি-১০ স্টারলাইনার হলো মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি ড্রোন। ইসরায়েলের এলবিট সিস্টেমসের প্রযুক্তিগত সহায়তায় ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এটি তৈরি করেছে। হায়দরাবাদের কারখানায় লাইসেন্স নিয়ে ড্রোনটি তৈরি করা হয়।

সব ধরনের আবহাওয়ায় উপযোগী এই ড্রোনের প্রায় ৭০ শতাংশ উপাদান ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি টানা ৩৬ ঘণ্টা উড়তে পারে। ড্রোনটির ওজন বহনের ক্ষমতা ৪৫০ কেজি এবং প্রয়োজনে এটিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করা যায়। ২০২৩ সালে জরুরি ক্রয়ের আওতায় ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনী দুটি করে এই ড্রোন অর্ডার করেছিল। এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য ডিজাইন করা হয়েছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নজরদারি আরও জোরদার করতে এই ড্রোনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে নৌবাহিনী আরও ১০টি দৃষ্টি-১০ ড্রোন কেনার প্রক্রিয়া চালাচ্ছে। এমন সময়ে এই ড্রোন বিধ্বস্তের ঘটনাটি ঘটল।