ফাইনালের আগ মূহুর্তে ইয়ামাল এক পোস্ট দিয়ে আলোচনায়
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফাইল ছবি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।
রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি পোস্ট করেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘For you and for the streets’ (তোমাদের জন্য এবং আমার শিকড়ের জন্য)। এই বার্তার মাধ্যমে নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামাল।
শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার শৈশবের ক্লাব লা তোরেতার জার্সি পরে দেখা যায়। পোস্টে তিনি স্প্যানিশ র্যাপার মোরাদ-এর একটি গানও যুক্ত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শিকড়কে তুলে ধরার জন্য পরিচিত ইয়ামাল। এমনকি ম্যাচে যে হেডব্যান্ড ব্যবহার করেন, তাতেও লেখা থাকে তার জন্মস্থান রোকাফোন্দার নাম।
বিশ্বকাপের ফাইনালের আগে ইয়ামালের এই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। সমর্থকরা এটিকে বড় ম্যাচের আগে নিজের শৈশব, পরিবার এবং জন্মস্থানকে স্মরণ করার আবেগঘন বার্তা হিসেবে দেখছেন।
এদিকে, ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে প্রত্যাশামতো খেলতে পারেননি বার্সেলোনা তারকা। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে নকআউট পর্বে আবারও স্পেনের প্রথম একাদশে জায়গা করে নেন।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল, যা ছিল সৌদি আরবের বিপক্ষে। গোলের পাশাপাশি দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।
এখন দেখার বিষয়, ফাইনালের সবচেয়ে বড় মঞ্চেও নিজের জাদু দেখিয়ে স্পেনকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন কি না এই তরুণ তারকা।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস