মোহাম্মদপুরে স্ত্রী-সন্তানের সামনেই এসআইকে ছুরিকাঘাত
প্রতীকী ছবি।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশের আহত ওই কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশনে শাখায় কর্মরত।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পুলিশ কর্মকর্তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুরিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এসি মামুন আরও বলেন, গত বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি তার মোবাইল ফোনে যোগাযোগ করে তার বাসার গেটের সামনে পাসপোর্টের বিষয়ে কথা বলেন।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।
আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন আহত পুলিশ সদস্য। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।