‘রইদ’-এর নির্মাতা-শিল্পীর সঙ্গে আড্ডার সুযোগ
ফাইল ছবি
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি ‘রইদ’। দর্শক-সমালোচকের দারুণ সাড়া পায় ছবিটি। ব্যবসার দিক দিয়েও অন্য ছবিগুলোর তুলনায় ভালো করেছে এটি। তাছাড়া দেশের বাইরেও অভাবনীয় সাড়া পেয়েছে ‘রইদ’।
ছবিটি নির্মাণের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের গল্প। যার কিছুটা গণমাধ্যমের সাক্ষাৎকারে শুনিয়েছেন নির্মাতা-শিল্পীরা। এবার আরো বিস্তর পরিসরে শোনাবেন সেসব গল্প। আড্ডায় মজবেন সুমন ও তার সৈন্যরা।
১ আগস্ট রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বসবে ‘আড্ডায় রইদ উদযাপন’ শীর্ষক আসর। সেখানে ছবিটির নানা দিক নিয়ে আড্ডা দেবেন সংশ্লিষ্টরা। উপস্থিত থাকবেন ছবির অভিনয়শিল্পীরা। থাকবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, নির্মাতা ও অধ্যাপক জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
জানা গেছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফলে যে কেউ উপস্থিত হয়ে শুনতে পারেন ‘রইদ’-এর নেপথ্যের অজানা সব গল্প। দেখা করতে পারবেন ছবিটির কলাকুশলীদের সঙ্গে।
উল্লেখ্য, ‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশন।