গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
গোপালগঞ্জে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাফিস আশরাফের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, নাফিস সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। গত দুইদিন আগে তিনি রাতের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।