রফতানির অজুহাতে বাড়ছে সুগন্ধি চালের দাম
ছবিঃ সংগৃহীত।
দেশের বাজারে বিভিন্ন জাতের সুগন্ধি চালের দাম বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এক মাসের ব্যবধানে মানভেদে এসব চালের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে, খোলা পোলাওয়ের চালের দাম দ্রুত বাড়ছে। কয়েক মাস আগে যে চাল ১৬০ টাকা কেজিতে বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত। অন্যদিকে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম আগে থেকেই কেজিপ্রতি প্রায় ২১০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, সুগন্ধি চালের রফতানি বাড়ায় স্থানীয় বাজারে সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
পাইকারদের দাবি, প্রবাসীদের মধ্যে চিনিগুড়া চালের চাহিদা বাড়ায় রফতানি বেড়েছে। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় চাল মজুদ করছেন বলেও অভিযোগ করেন তারা।
তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বাজারে সুগন্ধি চালের প্রকৃত কোনো সংকট নেই। তার ধারণা, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে পারেন।
এদিকে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, রফতানি, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার তদারকির ওপর নির্ভর করবে আগামী দিনে সুগন্ধি চালের দাম কোন দিকে যাবে।