মেহেন্দিগঞ্জে উদ্ধার হওয়া ২৮ চোরাই গরু সাড়ে ১৬ লাখ টাকায় বিক্রি

মেহেন্দিগঞ্জে উদ্ধার হওয়া ২৮ চোরাই গরু সাড়ে ১৬ লাখ টাকায় বিক্রি

সংগৃহীত ছবি

 

বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ২৮টি চোরাই গরু প্রকাশ্যে নিলামের মাধ্যমে ১৬ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার দিনব্যাপী থানা প্রাঙ্গণে দুই বিচারকের উপস্থিতিতে এই নিলাম অনুষ্ঠিত হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিনউদ্দিন জানান, মেহেন্দিগঞ্জ থানা এলাকা থেকে গত ৫ ফেব্রুয়ারি তিনটি ও ২৪ মে ২৫টি চোরাই গরু পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে গরুগুলো থানা হেফাজতে ছিল। কিন্তু গরুর কোনো মালিক পাওয়া যায়নি। বিষয়টি আদালতকে অবহিত করার পর গত ২৬ জুলাই নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রির আদেশ দেন বিচারক। 

সকালে বরিশালের মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদ হোসেন ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাহিদ হোসেন থানায় আসেন। তাদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রকাশ্যে নিলামে ২৮টি গরু ১৬ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

তিনি আরও জানান, নোয়াখালী, বরিশাল, চরমোনাইসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ক্রেতারা নিলাম থেকে গরু কিনে নিয়ে গেছে। অর্জিত টাকা সরকারি বিধি মোতাবেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে