জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিকি ছবি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে নুর ইসলাম (৫০) নামের আপন বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম একই এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলালকে (৪৪) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলালের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় হেলাল ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলামের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে।