জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী, ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরজীবন বাসযোগ্য রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরায়ণ ও দূষণের কারণে মানুষের নানা রোগব্যাধি বাড়ছে, আর ঢাকার বায়ুদূষণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগালে অল্প সময়েই কয়েক কোটি গাছ রোপণ সম্ভব। 

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের উদ্যোগে এবং ডিএসসিসির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরও সবুজ ও পরিবেশবান্ধব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই মাস থেকেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫০০টি গাছের চারা সরবরাহ করেছে। শহীদদের স্মরণে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসের সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।

কর্মসূচি শেষে মল চত্বরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন অতিথি ও ছাত্রদলের নেতাকর্মীরা।