নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ ৫২ জনকে অপহরণ
ছবিঃ সংগৃহীত।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যের গ্রামে ও সেনা ঘাঁটিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে শিশুসহ অন্তত ৫২ জনকে অপহরণ করেছে বলে জানা গেছে।এএফপিকে এ তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র।
হামলাকারীরা শনিবার গভীর রাতে মোটরসাইকেলে করে প্রথমে গ্রামের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং একটি সামরিক টহলযানে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে অপহরণ করে।
শুরুতে শতাধিক মানুষকে অপহরণ করা হলেও পরে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত আটকে রাখা হয় ৫২ জনকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় কোনো সেনাসদস্য অপহৃত হননি। তবে সেনাবাহিনীর মুখপাত্র ওলানিই ওসোবা জানান, সেনারা হামলা প্রতিহত করলেও এতে একজন সেনা ও একজন পুলিশ সদস্য নিহত হন এবং অজ্ঞাত সংখ্যক বাসিন্দাকে অপহরণ করা হয়েছে।
সক্রিয় সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ, গ্রাম আক্রমণ, গবাদিপশু লুট এবং অবৈধ খনন কার্যক্রমে জড়িত।
জামফারা এ ধরনের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর একটি। এছাড়া নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বড় আকারের অপহরণ একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। সাধারণত মুক্তিপণের জন্য মানুষকে জিম্মি করে এসব গোষ্ঠী।