কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
ফাইল ছবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী ৫০ নং ওয়ার্ডস্থ গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন (১৭) আলীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
নিহত ইয়াসিন পাবনা জেলার সুজানগর থানার নোয়াপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। টঙ্গী গাজীপুরা কাজীপাড়া, নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া হিসাবে বসবাস করতেন।
জানা যায়, সন্ধ্যা সোয়া সাতটার সময় মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কভার্ডভ্যান তাকে ধাক্কায়। এ সময় সে গুরুতর আহত হয়, পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।