রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় রেল লাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রিনা আক্তার (২৫) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে ও স্বামী আল আমিন (৩৩)। আল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহত রিনা স্থানীয় কারখানার শ্রমিক ছিলেন ও স্বামী আল-আমিন স্থানীয় গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তারা চার বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন।

স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে তারা দুজন রেলপথ ধরে হাঁটাহাটি গল্প খুনসুটি করছে। দীর্ঘ সময় তারা রেলপথে বসে গল্প আড্ডায় সময় কাটিয়েছেন। শনিবার বিকেলে ইজ্জতপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা ছিন্নবিচ্ছিন্ন যুবক-যুবতীর মরদেহের খবর পান। ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী কোন এক ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তবে কোন ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি।

নিহত রিনার ভাই সুমন জানান, রিনা ও আল-আমিন চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে দ্বিতীয় বিয়ে করেন। পরিবার তাদের প্রেমের বিষয়টি মেনে না নেয়ায় তারা দুজনই শ্রীপুর পৌরসভায় দক্ষিণ ভাংনাহাটি এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকতো। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়। এনিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। তবে তারা আত্মহত্যা করলো না ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো তা নিশ্চিত করে বলতে পারেননি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।