চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

ফাইল ছবি

 

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে শাহ আমানত সেতু এলাকায় জনতার সহযোগীতায় তাদের গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন- মো. আরমান (২৯), মো. ইরফান (২৪), মো. করিম (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা, দুইটি ছুরি ও ছিনতাই হওয়া ২টি মোবাইল জব্দ করা হয়।

অভিযুক্তরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গত শুক্রবার রাত ১১টায় কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা মো. রিদোয়ানুল ইসলাম ও তার ভাই রিফাতুল ইসলাম মইজ্জারটেক এলাকা থেকে অটোরিকশায় নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। এসময় তারা শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে পৌঁছালে অভিযুক্ত আরমান, ইরফান, করিম ও অজ্ঞাত আরেক ব্যক্তি পথ আটকে ছুরি দিয়ে ভয় দেখায়।  

একপর্যায়ে অভিযুক্তরা দুই ভাইয়ের কাছে থাকা ২টি মোবাইল, নগদ ২ হাজার ১’শ টাকা, ভিসাকার্ডসহ সাথে থাকা অন্যান্য সরঞ্জাম লুটে নেয়।

ভুক্তভোগী দুই ভাই তাদের বাধা দিতে গেলে তাদের এলোপাথাড়ি আঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। পরদিন ছিনতাইকারী চক্র ভিসা কার্ড ব্যবহার করে ইস্টার্ন ব্যাংক থেকে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে নেয়।

এদিকে সোমবার সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত সেতুতে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ প্রথমে অভিযুক্ত ছিনতাইকারীদের তিনজনকে আটক করে। খবর পেয়ে রিদোয়ানুল ও রিফাতুল সেখানে গিয়ে ছিনতাইকারীদের শনাক্ত করে।

পরে পুলিশ তাদের গ্রেফতার করে এবং ছিনতাইয়ের ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে।  

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে অভিযুক্ত রাকিবের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়। একইভাবে তাদের দেওয়া তথ্যে সদরঘাট থানার মাদারবাড়ি রেলগেট এলাকা থেকে টাকা উত্তোলনকারী গোলাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।