মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল স্পেন

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল স্পেন

ফাইল ছবি

স্পেনের জনপ্রিয় পর্যটন শহর গ্রানাডায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  এতে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পে কয়েকটি ভবনে ফাটল ও সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল গ্রানাডা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে আলহেন্দিন এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ঐতিহাসিক আলহামব্রা প্রাসাদও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা এই প্রাসাদটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি স্পেনের শেষ মুসলিম রাজ্যের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেও পরিচিত।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গায় কার্নিশ, ধ্বংসাবশেষ ও দেয়ালের অংশও ভেঙে পড়েছে।

আন্দালুসিয়া অঞ্চলের জরুরি বিভাগের প্রধান কর্মকর্তা আন্তোনিও সানজ জানান, ফায়ার সার্ভিসে প্রায় ৩০০টি ফোনকল আসে এবং ৮৫টি জরুরি তৎপরতা চালানো হয়। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গ্রানাডার দক্ষিণাঞ্চল ও শহরের আশপাশের এলাকায়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘কোনো গুরুতর কাঠামোগত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি। আলহামব্রা প্রাসাদও ক্ষতিগ্রস্ত হয়নি।’