অসামাজিক কার্যক্রমের অভিযোগে নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে আটক ১২
প্রতিকি ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১২ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবির সার্বিক তত্ত্বাবধানে আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় অসামাজিক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে ৮ তরুণীসহ ১২ জনকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।