১৬টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রতিকি ছবি
চট্টগ্রামের মীরসরাই পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য মো. ছাদেককে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ছাদেক সিলেটের শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।
তিনি বলেন, গ্রেপ্তার ছাদেকের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে তদন্ত চলছে। চক্রের মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
চোরাই মোবাইলসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মীরসরাই থানা পুলিশ।