বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর চালক গ্রেফতার

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর চালক গ্রেফতার

ফাইল ছবি

 

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-১২। ঘটনার ২০ দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়াতাড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির শীতাতপ নিয়ন্ত্রিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

সব মিলিয়ে দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৪ জন আহত হন।

দুর্ঘটনার পর চালক বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। এরপর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‍্যাব।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেছারুল ইসলামকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।