ছেলের লাঠির আঘাতে বাবা নিহত
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা শাহাবুদ্দিন (৪০) নিহত হয়েছেন।মঙ্গলবার (৩০ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল চিতাখোলা এলাকায় বাগবিতণ্ডার একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন ছেলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি বলেন, দিনমজুর শাহাবুদ্দিনের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলছিল। এর জেরে ছেলেকে নিয়ে তিনি গত তিন মাস আগে বাবার বাড়ি চলে যান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সামাজিক বৈঠক হলেও শাহাবুদ্দিনের স্ত্রী ফেরত আসেননি। সবশেষ সোমবার রাতে এ সব বিষয় নিয়ে শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলতে আসেন তার ছেলে। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলে তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে শাহাবুদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে। লিখিত এজাহার হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।