হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০

হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০

সংগৃহীত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব কোন্দলের জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন, আহতদের ২৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জুন) রাত ৯টা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন।

তিনি বলেন, ঘটনার পর ক্যাম্পাসের আশেপাশে ও ক্যাম্পাসের ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কোন্দল চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে ছাত্রলীগ নেতা আকাশের সাথে রিয়াদ ও সজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।