পটুয়াখালীতে অটোগাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার এলাকায় আজ বুধবার ভোরে অটোগাড়ির ধাক্কায় আহত হয়ে মো. সোহাগ (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোহাগ শ্রমিকের কাজ করতেন। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা মো. কলম গাজীর ছেলে।
নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন,নাজিরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ. রুবেল তালুকদার (৫০) ঢাকা থেকে লঞ্চে করে ধূলিয়া লঞ্চঘাটে নামবেন এমন খবর শুনে সোহাগ অটোগাড়ি নিয়ে ধূলিয়া লঞ্চঘাটে যান।
ইউপি সদস্য রুবেল ভোরে ওই ঘাটে নামার পর তাঁকে নিয়ে ফেরার পথে ভোর সোয়া পাঁচটার দিকে কালিশুরী বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোগাড়ি তাঁদের বহন করা অটোগাড়িটিকে ধাক্কা দেয়। এতে সোহাগ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। ওই সময়ে দায়িত্বে থাকা চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করে বলেন,' নিহত ব্যক্তির অভিভাবকের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'