কুষ্টিয়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

কুষ্টিয়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৬০০টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে প্রাগপুর বাজারসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।

জব্দ করা ডিসপ্লের মধ্যে ২০০টি ‘ক্রাউন আল্ট্রা এলসিডি ডিসপ্লে ৫০০+’ এবং ৪০০টি ‘ক্রাউন স্মার্ট এলসিডি ডিসপ্লে ৫০০+’ রয়েছে। এসব পণ্য মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।

এর আগে রোববার রাত আটটা ২০ মিনিটের দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজিপাড়া মাঠে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৮ হাজার টাকা।দুটি অভিযানে জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।