লক্ষ্মীপুরে ইন্টারনেটের বিল চাওয়ায় ব্যবসায়ীর হাত ভেঙে দিলেন যুবদল নেতা
ছবিঃ সংগৃহিত।
লক্ষ্মীপুরে বকেয়া ইন্টারনেট বিল চাওয়াকে কেন্দ্র করে মো. বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা আমজাদ ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত বেলাল হোসেন হাজিরপাড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি লক্ষ্মীপুর কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যবস্থাপক। পাশাপাশি তিনি হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। অন্যদিকে, অভিযুক্ত আমজাদ ভূঁইয়া একই ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী।
আহত বেলাল হোসেন অভিযোগ করে বলেন, তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। আমজাদ ভূঁইয়ার কাছে প্রায় চার মাসের ইন্টারনেট বিল বকেয়া ছিল। দীর্ঘদিন বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী গতকাল তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমজাদ ভূঁইয়া কয়েকজন লোক নিয়ে সোমবার সন্ধ্যায় তার দোকানে এসে হামলা চালান। এ সময় তাকে মারধর করা হলে তার হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
অভিযোগের বিষয়ে জানতে আমজাদ ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।