রেসিপি : পাকা টমেটো দিয়ে কচুর শাক রান্না
ছবিঃ সংগৃহীত।
কচুর শাকের নাম শুনলেই কারো মনে পড়ে গরম ভাত, সরিষার তেল আর শুকনা মরিচের ঘ্রাণ।আবার কারো মনে পড়ে রান্নার সময় গলা চুলকানোর ভয়। তাই কচুর শাকে চালতা, তেঁতুল, কাঁচা আম কিংবা জলপাইয়ের মতো টক উপাদান দেওয়া বহুদিনের চল।
তবে চেনা এই রান্নায় যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে টক হিসেবে ব্যবহার করতে পারেন পাকা টমেটো। পাকা টমেটোর হালকা টক-মিষ্টি স্বাদ আর গলে যাওয়া ঘন ভাব কচুর শাককে এনে দেবে অন্যরকম স্বাদ। প্রতিদিনের পরিচিত পদটিই তখন হয়ে উঠবে আরও লোভনীয়।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে টমেটো দিযে কচু শাক রান্না করবেন-
উপকরণ
কচুর শাক ১ আঁটি
পাকা টমেটো ২-৩টি
রসুন কুচি ও কোঁয়া ১.৫ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
কাঁচামরিচ ৫-৬টি
শুকনো মরিচ ৩টি
কালোজিরা আধা চা চামচ
সরিষার তেল ৩-৪ টেবিল
প্রস্তুত প্রণালি
প্রথমে কেটে রাখা কচুর শাকে সামান্য লবণ ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিন। শাকে থাকা পানিতে নরম হয়ে আসবে। পানি পুরোপুরি শুকিয়ে এলে চামচ দিয়ে চটকে মণ্ড তৈরি করে নিন। কড়াইতে সরিষার তেল ধোঁয়া ওঠা গরম করে শুকনা মরিচ ও কালোজিরা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এবার কড়াইতে পাকা টমেটো কুচি, ও সামান্য লবণ যোগ করুন। টমেটো একদম গলে তেল ওপরে ভেসে ওঠা পর্যন্ত মাঝারি আঁচে কষাতে থাকুন।
কষানো মসলায় সিদ্ধ করা কচুর শাক দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে অনবরত নাড়তে থাকুন, যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। শাকের অতিরিক্ত পানি শুকিয়ে যখন কড়াইয়ের গা ছেড়ে মাখামাখা ও আঠালো হয়ে আসবে, তখন স্বাদমতো চিনি ও সামান্য লেবুর রস মিশিয়ে নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে ওপর থেকে সামান্য সরিষার তেল ও ভাজা শুকনা মরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
কেন টমেটো ও কচুর শাকে রান্না করবেন
কচুর শাকে থাকা ক্যালসিয়াম অক্সালেট কেলাস গলা চুলকানোর মূল কারণ। যেকোনো অম্ল বা অ্যাসিডিক উপাদান এই অক্সালেটকে নিষ্ক্রিয় করে দেয়। পাকা টমেটোয় থাকা সাইট্রিক ও মেলিক অ্যাসিড কচুর শাকের গলা ধরার সমস্যা পুরোপুরি দূর করে। এছাড়া টমেটোর নিজস্ব স্বাদ ও লালচে রং কচুর শাকের স্বাদ বাড়ায়।