জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে যে ৫টি বিষয় মনে রাখবেন
সংগৃহীত ছবি
জীবনে সাফল্য, অর্থ বা সামাজিক স্বীকৃতির বাইরে অনেকেই খুঁজে ফেরেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর—জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য কী? মনোবিজ্ঞানের দৃষ্টিতে এর উত্তর একবারে পাওয়া যায় না। বরং বিভিন্ন অভিজ্ঞতা, সম্পর্ক ও কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের কাছে জীবনের অর্থ স্পষ্ট হয়।
মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
১. লক্ষ্য নয়, নিজের মূল্যবোধও বুঝুন
শুধু কী অর্জন করতে চান, তা নয়—কোন বিষয়গুলো আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, সেটিও বোঝার চেষ্টা করুন। সম্পর্ক, সমাজের জন্য কিছু করা, সৃজনশীলতা কিংবা ধর্মীয় বিশ্বাস—যে বিষয়টি আপনার কাছে অর্থবহ, সেটিকে গুরুত্ব দিন। অন্যের প্রত্যাশাকে নিজের মূল্যবোধ হিসেবে গ্রহণ না করাই গুরুত্বপূর্ণ।
২. অর্থবহ কাজের সন্ধান করুন
জীবনে অর্থপূর্ণ কোনো কাজ নিজে থেকেই সামনে আসবে এমন অপেক্ষায় না থেকে সক্রিয়ভাবে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাজ, সম্পর্ক, পরিবার, সেবামূলক কর্মকাণ্ড, সৃজনশীলতা কিংবা সামাজিক কার্যক্রম বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের জন্য অর্থবহ বিষয়টি খুঁজে নেওয়া যায়।
কোনো কাজ পরে অর্থহীন মনে হলেও সেটি পুরোপুরি ব্যর্থ অভিজ্ঞতা নয়। কারণ, সেটিও আপনাকে বুঝতে সাহায্য করে আপনি আসলে কী চান।
৩. নিজের বাইরেও অবদান রাখার চেষ্টা করুন
অন্যের জন্য কিছু করা অনেক সময় জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে। কোনো কাজ আপনার নিজের কাছে শুরুতে খুব গুরুত্বপূর্ণ মনে না হলেও, সেটি অন্য কারও উপকারে এলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।
তবে এর অর্থ অন্যরা যেটিকে গুরুত্বপূর্ণ মনে করেন, সেটিকেই নিজের জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা নয়। বরং অন্যের প্রতিক্রিয়া ও নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে কোন কাজ আপনার কাছে অর্থবহ, তা বোঝার চেষ্টা করা।
৪. অভিজ্ঞতাগুলো নিয়ে ভাবুন
জীবনের প্রতিটি অভিজ্ঞতা ভালো হোক বা খারাপ নিজের মূল্যবোধ ও উদ্দেশ্য সম্পর্কে কিছু শেখাতে পারে।
তাই কোনো অভিজ্ঞতার পর নিজেকে প্রশ্ন করা যেতে পারে, ‘এটি আমাকে কী শেখাল?’ সময়ের সঙ্গে এসব অভিজ্ঞতা মিলিয়ে নিজের জীবন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি হতে পারে।
৫. জীবনের উদ্দেশ্য বদলাতে পারে, সেটি মেনে নিন
জীবনের অর্থ ও উদ্দেশ্য সবসময় একই থাকবে এমন কোনো নিয়ম নেই। বয়স, সম্পর্ক, কাজ কিংবা নতুন অভিজ্ঞতার সঙ্গে মানুষের অগ্রাধিকারও বদলাতে পারে।
তাই জীবনের উদ্দেশ্য একবারেই নিখুঁতভাবে খুঁজে পাওয়ার চাপ নেওয়ার প্রয়োজন নেই। বরং সময়ের সঙ্গে নিজের ধারণা পরিবর্তন করার সুযোগ রাখাই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য প্রতিবেদনটির মূল বক্তব্য হলো, জীবনের অর্থ খোঁজা কোনো এককালীন সিদ্ধান্ত নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। নিজের মূল্যবোধ বোঝা, বিভিন্ন কাজে যুক্ত হওয়া, অন্যের জন্য কিছু করা এবং অভিজ্ঞতা থেকে শেখার মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের কাছে জীবনের উদ্দেশ্য স্পষ্ট হতে পারে।