খুব সহজে ঘরেই তৈরি করুন মজাদার নিমকি
ছবিঃ সংগৃহীত।
চা কিংবা কফির সঙ্গে মুচমুচে কিছু একটা না হলে বিকেলের আড্ডাটা যেন ঠিক জমে ওঠে না।আর সেই তালিকায় নিমকির জায়গা বরাবরই একটু আলাদা। হালকা নোনতা, খাস্তা আর মচমচে স্বাদের এই নাশতা একবার সামনে থাকলে কখন যে একের পর এক খেয়ে ফেলা হয়, টেরই পাওয়া যায় না। বন্ধুবান্ধবের সঙ্গে গল্পের আসর, পরিবারের সঙ্গে অবসর সময় কিংবা হঠাৎ বাড়িতে আসা অতিথি অ্যাপায়নে নিমকি হতে পারে দারুণ এক সঙ্গী।
বাজার থেকে কিনে আনার বদলে চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন ছোট ছোট মুচমুচে নিমকি। অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই তৈরি হবে সুস্বাদু এই নাশতা।
আসুন জেনে নেওয়া যাক ছোট নিমকি বাড়িতে কীভাবে তৈরি করবেন-
উপকরণ
ময়দা ২ কাপ
লবণ স্বাদমতো
কালোজিরা ১ চা চামচ
জোয়ান ১ চা চামচ
চিনি সামান্য
তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিন। এর সঙ্গে কালোজিরা, জোয়ান, স্বাদমতো লবণ এবং সামান্য চিনি মিশিয়ে দিন। কালোজিরা দেওয়ার আগে দুই হাতের তালুর মধ্যে নিয়ে কিছুক্ষণ ঘষে নিলে এর সুগন্ধ আরও ভালোভাবে বের হবে। এরপর সব উপকরণ ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার ময়দার মিশ্রণে পরিমাণমতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ময়দা মেখে শক্ত ধরনের একটি ডো তৈরি করুন। খেয়াল রাখবেন, ডো যেন খুব নরম বা অতিরিক্ত আঠালো না হয়।
ময়দা মাখা হয়ে গেলে পাত্রটি হালকা সুতির কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন।
এরপর ডো থেকে মাঝারি আকারের কয়েকটি লেচি কেটে নিন। প্রতিটি লেচি একটু পাতলা করে বেলে নিন। এবার ছুরি দিয়ে আড়াআড়িভাবে ছোট বা মাঝারি আকারে কেটে নিন। চাইলে কাটার সময় পছন্দমতো আকারও দিতে পারেন।
এবার কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে গরম করুন। তবে তেল অতিরিক্ত ধোঁয়া ওঠার মতো গরম না করাই ভালো। তেল গরম হলে নিমকিগুলো অল্প অল্প করে কড়াইতে ছাড়ুন। একসঙ্গে বেশি নিমকি দিলে তেলের তাপমাত্রা কমে যেতে পারে এবং নিমকি ঠিকমতো মুচমুচে হবে না।
নিমকি দেওয়ার পর আঁচ হালকা থেকে মাঝারি রাখুন। হালকা সোনালি রং এলে তুলে নিন। তেল ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। এবার চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করুন।