বোল্ড লুকে চমকে দিলেন বিদ্যা বালান

বোল্ড লুকে চমকে দিলেন বিদ্যা বালান

ছবিঃ সংগৃহীত।

অভিনয় দিয়ে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন বিদ্যা বালান।গ্ল্যামারের চেনা পথে না হেঁটে চরিত্রনির্ভর অভিনয়েই বারবার নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। এবার পর্দায় তার একেবারেই ভিন্ন এক রূপ দেখে চমকে উঠেছেন দর্শক।

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এর ট্রেলারে দেখা মিলেছে বিদ্যার নতুন অবতারের। সিনেমাটিতে কান্তা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রকাশিত ঝলকে নীল শাড়ি, হাতে সিগারেট আর চোখেমুখে আত্মবিশ্বাসী ঔদ্ধত্য নিয়ে হাজির হয়েছেন বিদ্যা।

সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নামছেন অভিনেত্রী। তার হাঁটার ভঙ্গি, চোখের চাহনি আর সংলাপ বলার ধরনেই স্পষ্ট হয়েছে চরিত্রটির দাপট। অল্প সময়ের উপস্থিতিতেই বিদ্যা বুঝিয়ে দিয়েছেন, ‘জেলার ২’-এ তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

বিদ্যার এই নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তার ব্যক্তিত্ব ও অভিনয়শৈলীর প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, বিদ্যার উপস্থিতি সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের সঙ্গে একই ফ্রেমে তাকে দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটির সাফল্যের পর থেকেই দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহ ছিল ভক্তদের। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যা বালানের উপস্থিতি।

‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ুসহ আরও অনেকে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।