ডাকাতিসহ ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুরা পাগলা গ্রেফতার

ডাকাতিসহ ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুরা পাগলা গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও স্থানীয় কৃষক দল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে গ্রেফতার নুর মোহাম্মদকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। বিকালে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।

গ্রেফতার নুর মোহাম্মদ বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি। তিনি বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, বোমাবাজি ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা এলাকায় ২০-২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই, বোমাবাজি ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তাদের আরও অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে নুর মোহাম্মদ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে স্থানীয় কৃষক দল নেতাদের ছত্রছায়ায় তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতির পদ পান।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে নুর মোহাম্মদ বা তার পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, পুরোনো একটি ডাকাতি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা, সেই বিষয়ে আমার জানা নেই।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গোয়েন্দা পুলিশ নুর মোহাম্মদকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।