প্রেমিকার সমান হতে পা হারাতে চান প্রেমিক
ছবিঃ সংগৃহিত।
ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সমান সমান’। সম্প্রতি ইউটিউবে মুক্তির পর নাটকটি ভিউয়ের দিক থেকে খুব বেশি আলোচনায় না এলেও দর্শকদের ইতিবাচক মন্তব্যে প্রশংসিত হচ্ছে।
নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলা থেকেই শিউলিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনের জীবন বদলে গেলেও বদলায় না রতনের অনুভূতি। শিউলি জীবিকা নির্বাহ করে শিউলি ফুল বিক্রি করে, আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে। অভাবের সংসারেও রতন সবসময় শিউলির পাশে থাকার চেষ্টা করে।
তবে শৈশবের এক অসুস্থতায় শিউলির একটি পা নষ্ট হয়ে যাওয়ায় তার মনে জন্ম নেয় গভীর হীনম্মন্যতা। সে বিশ্বাস করে, শারীরিক এই সীমাবদ্ধতার কারণে রতনের সঙ্গে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবে না।
এদিকে শিউলির বিয়ের জন্য উদ্যোগী হন তার মা। সবকিছু জেনেও এক ব্যক্তি তাকে বিয়ে করতে রাজি হন এবং নির্ধারিত হয় বিয়ের দিন-তারিখ। প্রিয় মানুষটিকে হারানোর আশঙ্কায় রতন তখন এক চরম সিদ্ধান্ত নেয় শিউলির মতো ‘সমান’ হতে নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে। এই আত্মত্যাগের আকাঙ্ক্ষাই নাটকের মূল আবেগকে আরও গভীর করে তুলেছে।
রওনক রিপনের পরিচালনায় নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাইফুল আলম শামীম ও রওনক রিপন। রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি প্রথমে এনটিভিতে প্রচারিত হয়। পরে ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর দর্শকদের কাছ থেকে আসে প্রশংসার ঢল। একজন দর্শক মন্তব্য করেন, ‘ভালো লেগেছে নাটকটি, ভিউ আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন লেখেন, ‘নিশা চৌধুরীর অভিনয় অসাধারণ।’
শ্যামল মাওলা ও নিশা চৌধুরীর পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা ১, কিষাণসহ আরও অনেকে।