বিশ্ব নদী দিবসে বেরোবিতে আলোচনা ও মানববন্ধন

বিশ্ব নদী দিবসে বেরোবিতে আলোচনা ও মানববন্ধন

ছবি: সংগৃহীত

বিশ্ব নদী দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বন, নদী, পানি নেই তো জীবন নেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বেরোবির কর্মসূচিতে দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোর স্বীকৃতির দাবি জানানো হয়।

আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন।

সভায় আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রিভারাইন পিপল ক্লাবের উপদেষ্টা ও এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ফজলুল হক, নদীকর্মী ও সমাজ উন্নয়ন সংগঠক মশিউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর রাজশাহী অঞ্চলের সমন্বয়ক তন্ময় স্যানাল এবং লালমনিরহাটের রিভারাইন পিপলের জেলা সমন্বয়ক মোশাররফ হোসেন।

আলোচকরা দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোর স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তারা নদী রক্ষা ও নদীকেন্দ্রিক পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের হাতে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের লেখা ‘নদী সুরক্ষায় দায়িত্বশীলতা’ বই তুলে দেওয়া হয়।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। মানববন্ধনে রংপুর বিভাগের আন্তসীমান্ত নদীগুলোর ছবি প্রদর্শন করা হয়।